মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
মাগুরার মহম্মদপুরে কুমরুল মাধ্যমিক বিদ্যালয়ের একাডেমিক ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। পাশাপাশি দরজা-জানালায় আঠা দিয়ে সাঁটানো হয়েছে বিভিন্ন রঙের আটটি কাগজ। এসব কাগজে উপজেলা ছাত্রলীগের ব্যানারে ‘লকডাউন সফল হোক’ লেখা রয়েছে। এ ঘটনায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের জড়িত থাকার সন্দেহ করা হচ্ছে।
শনিবার (২১ নভেম্বর) বিকেলে বিষয়টি জানাজানি হয়। গত ১৯ নভেম্বর নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে এ ঘটনা ঘটানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার দুই দিন পার হলেও বিদ্যালয়ের ভবনের তালা খোলা হয়নি এবং কাগজগুলোও অপসারণ করা হয়নি।
একটি শিক্ষাপ্রতিষ্ঠানের ভবনে তালা ঝুলিয়ে রাজনৈতিক কর্মসূচির প্রচারণামূলক কাগজ সাঁটানোর ঘটনায় স্থানীয়দের মধ্যে আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে। এতে বিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দেয়।
এ ঘটনার প্রতিবাদে শনিবার সন্ধ্যায় স্থানীয় বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন। পরে রাতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বাবুখালী পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে একাডেমিক ভবনের তালা খুলে দেন এবং দরজা-জানালায় সাঁটানো কাগজগুলো অপসারণ করেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়ুব আলী মৃধা বলেন, শুক্রবার ও শনিবার বিদ্যালয় বন্ধ ছিল। নাইট গার্ডের মাধ্যমে বিষয়টি জানতে পেরে বিদ্যালয়ে গিয়ে প্রধান ফটকে তালা ও দরজা-জানালায় রঙিন কাগজ সাঁটানো দেখতে পান। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়েছে। শিক্ষার্থীদের নিরাপত্তা ও পাঠদানের স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বাবুখালী পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. শাহিদুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। কারা এ ঘটনার সঙ্গে জড়িত এবং এর পেছনে কী উদ্দেশ্য রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

