শফিকুল ইসলাম সাফা, চিতলমারী
বাগেরহাটের চিতলমারীতে পাক্ষিক ‘চিতলমারীর অন্তরালে’ পত্রিকার এক যুগ পূর্তি উপলক্ষে বিশেষ সাহিত্য সাময়িকীর মোড়ক উন্মোচন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২২ নভেম্বর) সন্ধ্যা ৬টায় উপজেলা অডিটরিয়াম ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
‘চিতলমারীর অন্তরালে’ পত্রিকার সম্পাদক মো. একরামুল হক মুন্সীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা আক্তার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আহসান হাবিব (ঠান্ডু), সাধারণ সম্পাদক শরিফুল হাসান অপু, উপজেলা প্রকৌশলী মো. সাদ্দাম হোসেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ফজলুল হক, সাবেক ভাইস চেয়ারম্যান ও জেলা বিএনপি নেত্রী রুনা গাজী এবং মোল্লাহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম।
এ ছাড়া স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, সাহিত্যিক, রাজনৈতিক ব্যক্তিত্বসহ সমাজের বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান রাখা গুণীজনদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।
বক্তারা বলেন, আলোকিত সমাজ গঠনে সাহিত্যচর্চা ও সৃজনশীল কর্মকাণ্ডের বিকল্প নেই। এ সময় তরুণ প্রজন্মকে সাহিত্য ও সংস্কৃতিচর্চায় এগিয়ে আসার আহ্বান জানান তাঁরা।
সমাপনী বক্তব্যে পত্রিকার সম্পাদক মো. একরামুল হক মুন্সী বলেন, দীর্ঘ এক যুগের পথচলায় ‘চিতলমারীর অন্তরালে’ পত্রিকা পাঠকদের ব্যাপক সাড়া পেয়েছে। এক যুগ পূর্তি উপলক্ষে প্রকাশিত সাহিত্য সাময়িকীতে যারা লেখা, বিজ্ঞাপন ও বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, তাঁদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান তিনি।

