Nabadhara
ঢাকারবিবার , ২২ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কালিয়ায় সাবেক এমপিসহ ২০-২৫ বাড়িতে হামলা, ভাঙচুর-লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ

নড়াইল প্রতিনিধি
নভেম্বর ২২, ২০২৬ ৮:৪৪ অপরাহ্ণ
Link Copied!

নড়াইল প্রতিনিধি

নড়াইলের কালিয়ায় বিএনপির দুই নেতা হত্যাকাণ্ডের জেরে নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তি, সাবেক দুই মেয়রসহ আওয়ামী লীগ নেতাকর্মীদের ২০ থেকে ২৫টি বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এদিকে হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপি।

রোববার (২২ নভেম্বর) বিকেলে কালিয়া উপজেলা বিএনপির নেতাকর্মীরা এ বিক্ষোভ মিছিল বের করেন। এর আগে শুক্রবার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত উপজেলার বেন্দারচর ও বড় কালিয়া গ্রামে এসব হামলার ঘটনা ঘটে।

রোববার সরেজমিনে বেন্দারচর ও বড় কালিয়া গ্রাম ঘুরে দেখা যায়, সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তি, কালিয়া পৌরসভার সাবেক মেয়র ফকির মুশফিকুর রহমান লিটন, ইমদাদুল হক টুকুসহ বিভিন্ন ব্যক্তির বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়েছে। ক্ষতিগ্রস্ত বাড়িগুলোর মধ্যে কয়েকটিতে আসবাবপত্রসহ ব্যবহারের বিভিন্ন সামগ্রী পুড়ে গেছে। হামলার শিকার বেশিরভাগ পরিবারের পুরুষ সদস্যরা বাড়িতে না থাকলেও নারী ও শিশুরা সেখানে অবস্থান করছেন।

ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য রহিমা বেগম ও আমেনা বেগম জানান, বাড়িতে থাকা হাঁস-মুরগি, ছাগল-গরু, টিভি, ফ্রিজ ও আসবাবপত্রসহ অধিকাংশ মালামাল লুট করে নেওয়া হয়েছে। অবশিষ্ট জিনিসপত্র পুড়িয়ে দেওয়া হয়েছে। বর্তমানে তাদের থাকা-খাওয়ার প্রয়োজনীয় সামগ্রীও নেই।

অন্যদিকে বড় কালিয়া গ্রামের ঘোষপাড়ায় হিন্দু সম্প্রদায়ের লোকজন স্বাভাবিকভাবে চলাফেরা ও ব্যবসা-বাণিজ্য করছেন বলে দেখা গেছে। ওই গ্রামের অরুপ ঘোষ ও রানী ঘোষ জানান, হত্যাকাণ্ডকে কেন্দ্র করে তাদের এলাকায় কোনো সমস্যা হয়নি। তারা শান্তিতে বসবাস করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন তথ্য সঠিক নয় বলেও দাবি করেন তারা।

তবে একই গ্রামের সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কৃষ্ণপদ ঘোষের বাড়ির তিনটি ঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

নড়াইল-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন, নিহতদের ক্ষুব্ধ আত্মীয়স্বজন বিচ্ছিন্নভাবে কয়েকটি বাড়িতে হামলা করেছেন। তবে ব্যাপকভাবে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটের ঘটনা সত্য নয়। হিন্দু কোনো পরিবারের ওপর সহিংসতার ঘটনাও ঘটেনি বলে তিনি দাবি করেন।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী জানান, দুটি হত্যাকাণ্ডের জেরে বিক্ষুব্ধ জনতা কয়েকটি বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক আছে। এসআরবি ও জেলা প্রশাসনের পক্ষ থেকে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে দিশা বিশ্বাস ও রাকিব বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।

উল্লেখ্য, গত বুধবার সন্ধ্যায় কালিয়ায় আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির নেতাকর্মীরা একটি শোভাযাত্রা বের করেন। শোভাযাত্রাটি বেন্দারচর গ্রামে পৌঁছালে হামলার ঘটনা ঘটে। এতে কালিয়া পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক শাহীনুর ও জাসাসের উপজেলা সাধারণ সম্পাদক সোহেল রানা নিহত হন বলে অভিযোগ রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।