আমতলী (বরগুনা) প্রতিনিধি
বরগুনার আমতলীতে ঘুষের এক লাখ টাকাসহ পৌরসভার উপসহকারী প্রকৌশলী মো. রুবেল খানকে আটক করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পটুয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ের কর্মকর্তারা। রোববার সকাল ১১টার দিকে পৌরসভার সামনে কেন্দ্রীয় লেকের সৌন্দর্যবর্ধনে নির্মাণাধীন ওয়াকওয়ের কাছ থেকে তাঁকে আটক করা হয়।
পৌরসভা সূত্রে জানা গেছে, আমতলী পৌরসভার সামনের কেন্দ্রীয় লেকের সৌন্দর্যবর্ধনের জন্য বিশ্বব্যাংকের অর্থায়নে স্থানীয় সরকার মন্ত্রণালয় ২০২৩-২৪ অর্থবছরে ১২ কোটি ৫৬ লাখ ৯৮ হাজার ৩২৩ টাকা বরাদ্দ দেয়। ‘লোকাল গভর্নমেন্ট কোভিড-১৯ রেসপন্স অ্যান্ড রিকভারি প্রজেক্ট’-এর আওতায় প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। ২০২৪ সালের এপ্রিলে তৎকালীন পৌর মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপজেলা সভাপতি মতিয়ার রহমান প্রকল্পের দরপত্র আহ্বান করেন। সর্বনিম্ন দরদাতা হিসেবে কাজটি পায় ঝালকাঠির ঠিকাদারি প্রতিষ্ঠান ইসলাম ব্রাদার্স। পরে কাজটি হাতবদল হয়ে বর্তমানে বাস্তবায়ন করছেন বরিশালের ঠিকাদার শেখ নোমান রেজা। ২০২৪ সালের ২৫ অক্টোবর কাজের উদ্বোধন করেন তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মুহাম্মদ আশরাফুল আলম।
ঠিকাদার শেখ নোমান রেজার অভিযোগ, কাজ শুরুর পর থেকেই উপসহকারী প্রকৌশলী রুবেল খান তাঁর কাছে মোটা অঙ্কের ঘুষ দাবি করে আসছিলেন। দাবিকৃত টাকা না দেওয়ায় তাঁকে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছিল এবং কাজ সঠিকভাবে বাস্তবায়নে বাধা দেওয়া হচ্ছিল। এ ঘটনায় গত ১৯ নভেম্বর দুদক পটুয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ে লিখিত অভিযোগ করেন তিনি।
অভিযোগের পর রোববার সকালে দুদক পটুয়াখালীর সহকারী পরিচালক মো. তাপস বিশ্বাসের নেতৃত্বে একটি দল আমতলী পৌরসভা এলাকায় অভিযান চালায়। এ সময় ঘুষের এক লাখ টাকাসহ রুবেল খানকে আটক করা হয়। পরে দুপুরে তাঁকে আমতলী থানায় হস্তান্তর করা হয়।
ঠিকাদার শেখ নোমান রেজা বলেন, কাজ শুরুর পর থেকেই ঘুষের টাকার জন্য তাঁকে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছিল। নিরুপায় হয়ে গত ১৯ নভেম্বর দুদকে অভিযোগ করেন। রোববারের অভিযানে অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে তিনি দাবি করেন।
দুদক পটুয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক তাপস বিশ্বাস বলেন, অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘুষের এক লাখ টাকাসহ পৌরসভার উপসহকারী প্রকৌশলী রুবেল খানকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতি প্রতিরোধ আইনে মামলা করা হয়েছে। মামলার পর তাঁকে আমতলী থানায় হস্তান্তর করা হয়েছে।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, দুদকের কর্মকর্তারা রুবেল খানকে আটক করে থানায় সোপর্দ করেছেন। সোমবার সকালে তাঁকে আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হবে।

