মো. ইব্রাহীম মিঞা, দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের বিরামপুরে ছোট যমুনা নদীর ‘মিনি সুইজারল্যান্ড’ নামে পরিচিত স্থানে গোসল করতে নেমে আরিফ বাবু (১৪) নামে নবম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে পলিপ্রয়াগপুর ইউনিয়নের শ্রীপুর এলাকায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান সাময়িক বিরতির পর স্থানীয় শ্রমিক মুজিবুর রহমানের প্রচেষ্টায় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আরিফ বাবু দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার খয়েরবাড়ি ডাঙ্গা গ্রামের মো. আয়নাল হক ও বেলি আরা দম্পতির ছেলে। সে খয়েরবাড়ি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে বন্ধুদের সঙ্গে সাইকেল নিয়ে ওই স্থানে বেড়াতে আসে আরিফ। পরে নদীতে গোসল করতে নামলে স্রোতের টানে পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে বিরামপুর ফায়ার সার্ভিসের একটি দল উদ্ধার অভিযান শুরু করে। এ সময় বিরামপুর থানা পুলিশের সদস্যরাও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
স্থানীয়দের ভাষ্য, নদীর ওই স্থানে পানির গভীরতা প্রায় ১৫ ফুট। পানিতে পড়ে থাকা একটি বড় বটগাছ ও পানার কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছিল। একপর্যায়ে ফায়ার সার্ভিসের সদস্যরা অভিযান সাময়িকভাবে বিরতি দিলে স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করেন। এ সময় শ্রমিক মুজিবুর রহমান দুই দফা পানিতে ডুব দিয়ে আরিফের মরদেহ উদ্ধার করেন। তাঁর এ উদ্যোগের প্রশংসা করছেন স্থানীয়রা।
বিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) এনামুল হক জানান, এ ঘটনায় অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে। দাফন-কাফনের জন্য মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
স্থানীয়দের কাছে ‘মিনি সুইজারল্যান্ড’ নামে পরিচিত স্থানটিতে প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে দর্শনার্থীরা আসেন। এ ধরনের দুর্ঘটনা এড়াতে নদীর ঝুঁকিপূর্ণ স্থানগুলো চিহ্নিত করে সতর্কতামূলক সাইনবোর্ড স্থাপন, নিরাপত্তাব্যবস্থা ও নজরদারি জোরদারের দাবি জানিয়েছেন তাঁরা।

