মোঃ জিহাদুল ইসলাম, কালিয়া, নড়াইল
নড়াইলের নড়াগাতী থানার পহরডাঙ্গা ইউনিয়নের বল্লাহাটি গ্রামে সরকারী আশ্রায়ন প্রকল্পে যাওয়ার রাস্তা দখল করে বাড়ী নির্মাণের অভিযোগ উঠেছে আজম মোল্যা ও তার বোন রেবা বেগমসহ কয়েকজনের বিরুদ্ধে। এতে চরম দুর্ভোগে পড়েছে আশ্রায়ন প্রকল্পে বসবাসকারী ভুমিহীন পরিবার গুলো।
২০ আগষ্ট (মঙ্গলবার) সরেজমিনে গেলে ভুক্তভোগীরা জানান, ২৬ ফুট চওড়া রাস্তাসহ পাশের সরকারী জমি দখল করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই তারা গড়ে তুলেছেন পাঁকা ভবন।
এ ছাড়া ওই রাস্তা কেটে নতুন পাঁকা ভবন তৈরীর কাজ চলমান রেখেছেন আজম মোল্যার বোন রেবা বেগম। আজম মোল্যা ও রেবা বেগম ওই গ্রামের মৃত সাহেব মোল্যার সন্তান। গোপালগঞ্জের কোটালিপাড়া থানার জাফর হাওলাদারের সাথে বিবাহ হয় রেবা বেগমের। সেই থেকে স্থানীয় প্রভাবশালীদের ম্যানেজ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছাড়া সরকারী সম্পত্তিতে পাঁকা বসতি স্থাপন করে বসবাস করে আসছেন এবং এখনো কাজ চলমান রেখেছেন। আর ভুমিহীন পরিবার গুলোকে ১৮ বাকি নদীর পাড় হয়ে কাঁদা ভেঙ্গে আশ্রায়ন প্রকল্পে আসতে হয়। অতি দ্রুত সরকারী রাস্তা অবমুক্ত করার দাবী জানান ভুক্তভোগীরা।
এ বিষয়ে ইউনিয়ন চেয়ারম্যান মল্লিক মাহামুদুল ইসলাম বলেন, এ ঘটনা জানতে পেরে তিনি উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নায়েবকে অবহিত করেছেন এবং ওই ওয়ার্ডের ইউপি সদস্য কাজলকে এবং চৌকিদার পাঠিয়ে কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আব্দুল্লাহ আল মামুন বলেন, দ্রুত ব্যবস্থা নিয়ে সরকারি জায়গা অবমুক্ত করা হবে।

