সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি
মহানবী হজরত মুহাম্মদকে (সা.) কে নিয়ে ভারতীয় পুরোহিতের কটূক্তি এবং সেই বক্তব্যকে বিজেপির এক নেতার সমর্থন দেওয়া ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের প্রতিবাদে মোংলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। মোংলা উপজেলা জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় কটূক্তিকারীদের বিচারের আওতায় না আনলে ভারতের সব পণ্য বয়কটের ঘোষণা দেন তারা।
শুক্রবার (৪ অক্টোবর) বাদ জুমা মোংলা পৌর শহরের বিভিন্ন মসজিদ থেকে মুসুল্লিরা একত্রিত হয়ে পৌর বাজার মসজিদ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় কটূক্তিকারীদের বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দিয়ে শহরের প্রধান কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে পৌর শহরের শাপলা চত্বরে এসে একটি সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।
এসময় জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ মোংলা উপজেলা শাখার সভাপতি মোংলা বাজার জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা তৈয়েবুর রহমান, সাধারণ সম্পাদক বায়তুন নূর জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা ইব্রাহীম আমিন, চালনা বন্দর ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার অধ্যাক্ষ হাফেজ মাওলানা রুহুল আমিন সহ বিভিন্ন মসজিদের ইমাম,মুয়াজ্জিন ও ধর্মপ্রাণ মুসলিমগন উপস্থিত ছিলেন।সমাবেশে বক্তারা বলেন, সত্য ও জ্ঞানের উৎস ও মানবতার মুক্তির দূত প্রিয়নবীর বিরুদ্ধে কটূক্তি সত্য ও মানবতার বিরুদ্ধে চরম অপরাধ এবং মানবিক ভ্রাতৃত্ব ধ্বংস করে ধর্মের নামে সাম্প্রদায়িক সংঘাত তৈরির জঘন্য ষড়যন্ত্র। সব মানুষকে ভালোবাসার উৎস ও সবার কল্যাণের উৎস এবং সব মানুষের অধিকার-নিরাপত্তা-স্বাধীনতার প্রতীক প্রিয়নবীর অবমাননাকারী সকল মানবিক মানুষের শত্রু। আল্লাহ-রাসূলের অবমাননা কোনো মুমিন ও মানবিক মানুষ সহ্য করবে না বলেও হুঁশিয়ারি দেন তারা।

