রবিউল ইসলাম, গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় টিউবওয়েলের ড্রেনের পানি পরিষ্কার করাকে কেন্দ্র করে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের তিনজন গুরুতর আহত হয়েছেন। রোববার (২৩ জুন) বিকেলে উপজেলার মহদীপুর ইউনিয়নের বুজরুক বিষ্ণুপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন—বাবলু মিয়া, তার স্ত্রী শান্তি বেগম ও তাদের মেয়ে মোর্শেদা বেগম। আহতদের পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পারিবারিক বিষয় নিয়ে মতিউর রহমান ওরফে মতিয়ার এবং শহিদুল ইসলামের ছেলে আশিক মিয়ার মধ্যে বিরোধ চলে আসছিল। উভয় পরিবারের টিউবওয়েলের পানি একটি ড্রেন দিয়ে যাওয়ায় ড্রেন পরিষ্কার করা নিয়ে শনিবার বিকেলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আশিক মিয়া ও তার অনুসারীরা বাবলু মিয়া ও তার স্ত্রী শান্তি বেগমের ওপর অতর্কিত হামলা চালায়। তাদের রক্ষা করতে গেলে মেয়ে মোর্শেদা বেগমকেও মারধর করা হয় এবং তার গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয়।
এরপর রাত ৮টার দিকে আশিক মিয়ার নেতৃত্বে আরও একটি দল মতিউর রহমানের চাচা ভুলু মিয়ার বাড়িতে হামলা চালায়। অভিযোগ রয়েছে, পরদিন (২৪ জুন) মতিউর রহমান মাস্টারের হুকুমে পুনরায় বাবলু মিয়ার বাড়িতে হামলা চালিয়ে তার ছেলে, স্ত্রী ফরিদা বেগম, ননদ মোর্শেদা বেগম এবং আত্মীয় সাবানা বেগমকে বেধড়ক মারধর করা হয়।
আহতরা অভিযোগ করে বলেন, “মতিউর রহমান মাস্টারের নির্দেশেই আমাদের ওপর বারবার হামলা করা হয়েছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই।”
এ ঘটনায় মতিউর রহমান ওরফে মতিয়ার বাদী হয়ে পলাশবাড়ী থানায় লিখিত এজাহার দাখিল করেছেন।
এ বিষয়ে পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) জুলফিকার আলী ভুট্রো বলেন, “মামলা দায়ের হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত করছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে।”

