হবিগঞ্জ প্রতিনিধি
মাইলস্টোন স্কুল ট্র্যাজেডিতে নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালনের মাধ্যমে শুরু হয় হবিগঞ্জের মাধবপুর উপজেলার ৯নং নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের আয়োজনে “প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫” বাস্তবায়ন বিষয়ক পরামর্শ সভা। মঙ্গলবার (২২ জুলাই) ইউনিয়ন পরিষদ হল রুমে এ সভার আয়োজন করে ইউনিয়ন বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন কমিটি।
সভায় সভাপতিত্ব করেন নোয়াপাড়া ইউপি চেয়ারম্যান ও কমিটির সভাপতি এস এম আতাউল মোস্তফা সোহেল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জাহিদ বিন কাশেম। তিনি বলেন, “প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ইউনিয়ন পর্যায়ে এমন উদ্যোগ অত্যন্ত ইতিবাচক। এই মেধাবৃত্তি পরীক্ষা নোয়াপাড়ায় শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটির সভাপতি এস এম জাকিরুল হাসান। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইমরুল হাসান জাহাঙ্গীর, উপজেলা সমবায় কর্মকর্তা মো. ইসমাইল তালুকদার এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক নোয়াপাড়া শাখার ব্যবস্থাপক মোস্তাক আহমেদ সোহাগ।
পরামর্শ সভাটি সঞ্চালনা করেন কমিটির সদস্য সচিব ও উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. কবির হোসেন।
সভায় অংশ নেন ইউনিয়নের সরকারি ও বেসরকারি ২১টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও শিক্ষা উদ্যোক্তারা। আলোচনায় শিক্ষক নেতারা বলেন, এই মেধাবৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াবে এবং এক ধরণের স্বাস্থ্যকর প্রতিযোগিতা সৃষ্টি করবে।
উল্লেখ্য, মাধবপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের সার্বিক তত্ত্বাবধানে আগামী নভেম্বর মাসে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে এই মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। নোয়াপাড়া ইউনিয়নের সব শিক্ষা প্রতিষ্ঠানকে তিনটি ক্লাস্টারে ভাগ করে পরীক্ষা পরিচালনা করা হবে।

