উত্তম শর্মা, দিনাজপুর
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার কবিরাজহাট এলাকায় পুরাতন ইউনিয়ন পরিষদ সংলগ্ন রাস্তাটির বেহাল দশা ও ড্রেনেজ ব্যবস্থার অভাবে জলাবদ্ধতার প্রতিবাদে রবিবার (২৭ জুলাই) দুপুরে এলাকাবাসী মানববন্ধন ও ঢাকা-পঞ্চগড় মহাসড়ক অবরোধ করেন।
প্রায় এক ঘণ্টা দীর্ঘ চলা এ অবরোধে স্থানীয়রা দাবি করেন, দীর্ঘদিন ধরে রাস্তাটি সংস্কার না হওয়ায় বড় বড় গর্ত ও অপরিকল্পিত ড্রেনেজের কারণে সামান্য বৃষ্টিতেই সড়কে জল জমে যান চলাচলে চরম প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। এতে স্কুলগামী শিক্ষার্থীসহ সাধারণ মানুষ প্রতিদিন চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
মানববন্ধনে বক্তারা বলেন, বহুবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট এ বিষয়ে অভিযোগ করলেও এখনো পর্যন্ত কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। তাই বাধ্য হয়ে শান্তিপূর্ণ আন্দোলনে নামতে হয়েছে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য আরফিন আরিফ, ভোগনগর ইউনিয়নের যুবদলের যুগ্ন আহ্বায়ক আলামিন ইসলাম, বিএনপির সদস্য তানভীর শুভ, স্বেচ্ছাসেবক দলের বীরগঞ্জ উপজেলা শাখার যুগ্ন আহ্বায়ক মুছা ইসলাম, কবিরাজহাট প্রজন্ম ক্লাবের সভাপতি এমরান হোসেন রায়হান, কবিরাজহাট নূরানী মাদ্রাসার শিক্ষক দেলোয়ার হোসেন, লুৎফর রহমানসহ আরও অনেকে।
খবর পেয়ে ভোগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজিউর রহমান ও ইউপি সদস্য রয়েল ঘটনাস্থলে উপস্থিত হন। এছাড়া মোবাইল ফোনে যোগাযোগ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আহমেদ। তারা এলাকাবাসীর সঙ্গে কথা বলে দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস প্রদান করেন।
এরপর আন্দোলনকারীরা সড়ক থেকে সরে গিয়ে যান চলাচল স্বাভাবিক করেন।

