মোঃ. এনামুল হক, পঞ্চগড় জেলা প্রতিনিধি
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার রাধানগর ইউনিয়নের বড়দাপ গ্রামে গোপন বৈঠক চলাকালে স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২ আগস্ট) রাতে এ অভিযান চালানো হয়।
গ্রেফতারকৃতরা হলেন—বড়দাপ এলাকার মৃত জামাল হোসেনের ছেলে আব্দুল মজিদ, যিনি বড়দাপ ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এবং আব্দুল কুদ্দুস, বড়দাপ ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক।
পুলিশ জানায়, ৫ আগস্ট সম্ভাব্য নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনার অংশ হিসেবে এই গোপন বৈঠকের আয়োজন করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে আটোয়ারী থানা পুলিশ অভিযান চালিয়ে ওই দুইজনকে গ্রেফতার করে। তবে বৈঠকে উপস্থিত অন্যরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
আটোয়ারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, “গোপন বৈঠকের সময় অভিযান চালিয়ে আমরা দুজনকে আটক করেছি। ঘটনাস্থলে বিশৃঙ্খলা সৃষ্টির প্রাথমিক আলামত পাওয়া গেছে। জনগণের শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে পুলিশ সর্বদা সতর্ক রয়েছে।”

