ফরিদপুর প্রতিনিধি
অসহায় ও গরীব রোগীদের বিনামূল্যে সেবা নিশ্চিত করতে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (ড্যাব) ফরিদপুর জেলা শাখার উদ্যোগে ফরিদপুর জেনারেল হাসপাতালে রক্ত পরীক্ষার মেশিন প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে হাসপাতালের হল রুমে এক অনাড়ম্বর অনুষ্ঠানে ফরিদপুরের সিভিল সার্জন ডা. মাহমুদ হাসানের হাতে আনুষ্ঠানিকভাবে রক্ত পরীক্ষার মেশিনটি তুলে দেন ড্যাব ফরিদপুর জেলা শাখার সভাপতি প্রফেসর ডা. মোস্তাফিজুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন ড্যাব ফরিদপুর জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক ডা. আলী আকবর, ডা. মো. রফিকুল ইসলাম, ডা. আল-আমিন, ভাঙ্গা উপজেলা হাসপাতালের টি.এস.ও, এবং ড্যাব ফরিদপুরের বর্তমান সাধারণ সম্পাদক ডা. নাদিমসহ ফরিদপুর জেনারেল হাসপাতালের চিকিৎসকবৃন্দ।
অনুদান প্রদান অনুষ্ঠানে প্রফেসর ডা. মোস্তাফিজুর রহমান বলেন, “গরীব ও অসহায় মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে আমরা সবসময় প্রস্তুত। ভবিষ্যতেও হাসপাতালের যেকোনো প্রয়োজন হলে ড্যাব পাশে থাকবে।”

