মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের চরগোবিন্দপুর মাঝকান্দী এলাকায় বিষাক্ত সাপের দংশনে সাদ্দাম চৌকিদার (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত সাদ্দাম স্থানীয় জলিল চৌকিদারের ছেলে।
শুক্রবার সকালে সাপে দংশনের পর প্রথমে তাকে মাদারীপুর সদর হাসপাতালে নেয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকায় রেফার করা হয়। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় চিকিৎসক সাদ্দামকে মৃত ঘোষণা করেন।
বাড়িতে মরদেহ এনে গোসল শেষে জানাজা প্রস্তুতি চলাকালে এক স্থানীয় ওঝা পরিবারের সাথে যোগাযোগ করে জানান, কামড়ের স্থানে মুরগির বাচ্চা ধরলে বাচ্চা মারা গেলে রোগী জীবিত থাকতে পারেন। ওঝার কথায় একে একে ৫টি মুরগির বাচ্চা সাদ্দামের পায়ে ধরা হয় এবং সবগুলোই মারা যায়। এ ঘটনায় দাফন ও জানাজা স্থগিত রেখে পরিবারের সদস্যরা ওঝার আগমনের অপেক্ষা করেন।
শেষ পর্যন্ত ওঝা এসে কিছুক্ষণ পর্যবেক্ষণ করে জানান, সাদ্দাম মারা গেছেন। শুক্রবার রাতেই তার দাফন সম্পন্ন হয়।

