সিফাত আহমেদ, কুলিয়ারচর প্রতিনিধি
কিশোরগঞ্জের কুলিয়ারচরে লড়ি ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী জয়নাল (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (১৭ আগস্ট) সকালে ডিউটিতে যাওয়ার পথে বাজরা তারাকান্দি বাসস্ট্যান্ডের পূর্ব পাশে কুলিয়ারচর রোডে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জয়নাল কটিয়াদি উপজেলার লোহাজুড়ি ইউনিয়নের বাসিন্দা। তিনি সাত মাস আগে পরিসংখ্যানবিদ পদে চাকরিতে যোগ দেন এবং তিন মাস আগে বিয়ে করেন।
প্রত্যক্ষদর্শী বাজরা গ্রামের আরমান মিয়া জানান, দ্রুতগামী একটি লড়ি ট্রাক জয়নালের মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কুলিয়ারচর থানার এসআই রিপন চন্দ্র দাস জানান, দুর্ঘটনার পরপরই লড়ির চালক ও সহকারী পালিয়ে গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স শাম্মী আক্তার বলেন, “মাত্র সাত মাস আগে তিনি চাকরিতে যোগ দিয়েছিলেন। তিন মাস আগে বিয়ে করেছেন। দুই ভাইয়ের মধ্যে তিনি বড়, ছোট ভাই প্রবাসে আছেন। হঠাৎ এ মৃত্যুর ঘটনায় পরিবার ও সহকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।”

