হুমায়ন কবির মিরাজ, বেনাপোল
যশোরের শার্শায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৪ কেজি গাঁজাসহ লুৎফর সরদার (৬৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
রোববার (১৭ আগস্ট) বিকালে শার্শা থানাধীন টেংরা উত্তরপাড়া গ্রামে অভিযান চালানো হয়। আটক লুৎফর ওই গ্রামের মৃত কাশেম সরদারের ছেলে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যশোর জেলা কার্যালয়ের কর্মকর্তারা জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয় এবং তার কাছ থেকে একটি বস্তায় রাখা প্রায় ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে স্থানীয়ভাবে গাঁজা কেনাবেচার সঙ্গে জড়িত ছিলেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক (এসআই) শেখ আবুল কাশেম শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। আটক আসামিকে সোমবার আদালতে সোপর্দ করা হবে।
স্থানীয়রা জানান, এলাকায় দীর্ঘদিন ধরে গোপনে মাদক ব্যবসা চালাচ্ছিলেন লুৎফর; তার গ্রেপ্তারে তারা স্বস্তি প্রকাশ করেছেন।

