রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি
‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’—এই স্লোগানকে সামনে রেখে খুলনার তেরখাদা উপজেলায় পালিত হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫। সোমবার দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উপজেলা মৎস্য অফিস ও উপজেলা প্রশাসন দিবসটি উদযাপন করে।
সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়, যা প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের পুকুরে বিভিন্ন দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।
এরপর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. সাইদুজ্জামানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল আফরোজ স্বর্ণা।
সভা পরিচালনা করেন একাডেমিক সুপারভাইজার সাহেলা সুলতানা। এতে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শিউলি মজুমদার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মনিরুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হানিফ শিকদার, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা শেখ ইকবাল হোসেন এবং সাংবাদিক নূর মোহাম্মদ সিফাত।
বক্তারা দেশীয় মাছের প্রজাতি সংরক্ষণ, অভয়াশ্রম স্থাপন এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে সচেতনতা ও সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও সুধীজন উপস্থিত ছিলেন।

