জাবেদ হোসাইন মামুন, ফেনী প্রতিনিধি
ফেনীর সোনাগাজীতে আঞ্চলিক সড়ক রক্ষা ও অতিরিক্ত বালি বোঝাই ট্রাক চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) স্মারকলিপি প্রদান করা হয়েছে।
সোমবার সকাল ১১টায় পৌর শহরের জিরোপয়েন্ট শহীদ চত্বরে ঘন্টাব্যাপী মানববন্ধনের আয়োজন করে ‘সোনাগাজী আঞ্চলিক সড়ক রক্ষা আন্দোলন কমিটি’। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমার কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
আন্দোলন কমিটির আহ্বায়ক মুফতি আবদুর রহমান ফরহাদের সভাপতিত্বে এবং ব্যবসায়ী দেলোয়ার হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন—
উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. মোস্তফা, কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাও. ইব্রাহীম খলিল, বণিক সমিতির সভাপতি ডা. মো. নুরনবী, সাবেক পৌর কাউন্সিলর আবদুল মান্নান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাবেদ হোসাইন মামুন, ইসলামি আন্দোলন নেতা হাফেজ হিজবুল্লাহ, আইম্মা পরিষদের সভাপতি মুফতি আহসান উল্লাহ কাসেমি, খেলাফত মজলিস নেতা মুফতি আবদুর রহমান, শিক্ষক মাও. মোশাররফ হোসেন, হেফাজতের গাজী নুরুল আলম, মানবাধিকার কর্মী অবসরপ্রাপ্ত সার্জেন্ট মহি উদ্দিন, ও ছাবের সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জসিম উদ্দিন প্রমুখ।
বক্তারা বলেন, “বড় বড় বালিবাহী ট্রাক চলাচলের কারণে সোনাগাজী বাজার থেকে সাইয়্যেদপুর পর্যন্ত আঞ্চলিক সড়কটি ভেঙে একেবারে অনুপর্যাপ্ত হয়ে পড়েছে। প্রতিদিন যানজটের পাশাপাশি দুর্ঘটনার শিকার হচ্ছেন পথচারীরা।”

