কালকিনি-ডাসার প্রতিনিধি
মাদারীপুরের ডাসারে প্রয়াত মেয়ের আত্মার শান্তি কামনায় অষ্টপ্রহরব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞ, শ্রীমদ্ভাগবত পাঠ ও মহাপ্রসাদের আয়োজন করেছেন একটি পরিবার। ধর্মীয় এ আয়োজনে স্থানীয় ভক্ত ও এলাকাবাসীর উপস্থিতিতে মুখর হয়ে ওঠে মন্দির প্রাঙ্গণ।
উপজেলার আড়ুয়াকান্দি গ্রামে ফটিক বিশ্বাসের বাড়ির ভৈরবী গোবিন্দ মন্দির প্রাঙ্গণে গত ১ নভেম্বর শ্রীমদ্ভাগবত পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরদিন ২ নভেম্বর অনুষ্ঠিত হয় অষ্টপ্রহরব্যাপী মহানাম যজ্ঞ। এতে পূর্বপুরুষদের পাশাপাশি প্রয়াত আহির ভৈরবী বিশ্বাসের আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা করা হয়। স্থানীয় এলাকাবাসী ও ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজের গাইনি বিভাগের সহযোগী অধ্যাপক চিকিৎসক রণজিৎ বিশ্বাসের সহযোগিতায় এ আয়োজন করা হয়।
চিকিৎসক রণজিৎ বিশ্বাস জানান, প্রায় ছয় বছর আগে করোনাকালে তাঁর মেয়ের অকালমৃত্যু হয়। মেয়েকে হারিয়ে পুরো পরিবার মানসিকভাবে ভেঙে পড়ে। এরপর মেয়ের আত্মার শান্তি কামনায় মৃত্যুর প্রথম বছর থেকেই প্রতিবছর এ ধর্মীয় আয়োজন করে আসছেন তাঁরা। তাঁর মেয়ে জাতীয় ফুল প্রতিযোগিতায় সারা দেশে প্রথম স্থান অধিকার করেছিল বলেও জানান তিনি।
রণজিৎ বিশ্বাসের সহধর্মিণী বলেন, সবার সহযোগিতা ও আশীর্বাদ পেলে তাঁরা প্রতিবছর এ ধরনের ধর্মীয় আয়োজন অব্যাহত রাখতে চান। এ জন্য তিনি সবার কাছে আশীর্বাদ কামনা করেন।
অনুষ্ঠানে স্থানীয় এলাকাবাসী, সনাতন ধর্মাবলম্বী ভক্তসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। ধর্মীয় সংগীত, নামকীর্তন ও ভক্তিমূলক আয়োজনে পুরো মন্দির প্রাঙ্গণে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে আয়োজনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

