মনিরামপুর (যশোর) প্রতিনিধি
যশোরের মনিরামপুরে সাপের কামড়ে আজিম (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার বোন হালিমা (৮) আহত হয়ে বর্তমানে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
নিহত আজিম ও আহত হালিমা উপজেলার বিজয়রামপুর গ্রামের আব্দুর রহমানের সন্তান। পরিবারটি মনিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে ভাড়ায় বসবাস করে।
পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার (১ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে ঘরের মেঝেতে ঘুমিয়ে থাকা অবস্থায় বিষাক্ত সাপ দুই শিশুকে কামড় দেয়। তাৎক্ষণিকভাবে তাদের মনিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলেও সেখানে অ্যান্টিভেনম না থাকায় চালকিডাঙ্গার এক ওঝার কাছে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজিমের মৃত্যু হয়।
পরে হালিমাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে শিশু মেডিসিন ওয়ার্ডে রাখা হয়। হাসপাতালের চিকিৎসক ডা. আব্দুর রশিদ জানান, হালিমার অবস্থা বর্তমানে স্থিতিশীল হলেও তাকে অন্তত ২৪ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে।

