আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান পরিচালনা করে। সোমবার (১ সেপ্টেম্বর) এ অভিযানে পাঁচজনকে আটক করা হয়। মোবাইল কোর্টের মাধ্যমে দুই জনকে জেল ও জরিমানা প্রদান করা হয়, বাকি তিনজনকে থানায় সোপর্দ করা হয়েছে।
অভিযান পরিচালনা করেন সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এসআই মোঃ রুহুল আমিন ও এসআই জেসমিন আরা। অভিযানকালে গোয়ালডাঙ্গা গ্রামের আতিয়ার গাজীর ছেলে আমিরুল গাজীর (৪০) চায়ের দোকান থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। মোবাইল কোর্ট তাকে তিন মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা প্রদান করে।
এছাড়া বড়দল খ্রিস্টান পাড়ার মৃত লালু দাসের মেয়ে কাকলি ঢালির বাড়ি থেকে ২৫ গ্রাম গাঁজা সহ তাকে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালত তাকে তিন দিনের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা প্রদান করে।
অন্যদিকে, বড়দল গ্রামের মৃত আমজাদ ঢালীর ছেলে মহাব্বত ঢালীকে ৪১ পিস ইয়াবা, মৃত রাজ্জাক সরদারের ছেলে মিন্টু সরদারকে ৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং ফজলু গাজীর ছেলে রবিউল ইসলাম গাজীকে ৫ পিস ইয়াবা সহ আটক করা হয়।
সাজাপ্রাপ্ত ও আটককৃতদের থানায় হস্তান্তর করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কৃষ্ণা রায়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এসআই জেসমিন আরা জানান, আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।

