ফেনী প্রতিনিধি
ফেনীর সোনাগাজীতে পাওনা ১৩ লাখ টাকা ফেরত পাওয়া এবং স্থানীয় আওয়ামী লীগ নেতাদের অব্যাহত প্রাণনাশের হুমকি থেকে রক্ষা পেতে সংবাদ সম্মেলন করেছেন এক ভুক্তভোগী পরিবার। মঙ্গলবার দুপুরে সোনাগাজী পৌর শহরের হারবি কাবাব রেস্টুরেন্টের কনভেনশন হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
অভিযোগে জানা যায়, পৌর শহরের ৪নং ওয়ার্ডের পাণ্ডব বাড়ির আবদুল হাদীর ছেলে ও সাবেক ছাত্রলীগ কর্মী মো. ইলিয়াছ প্রতারণার মাধ্যমে আমিরাবাদ ইউনিয়নের চরডুব্বা গ্রামের নুর হোসাইন থেকে ১৩ লাখ টাকা হাতিয়ে নেন। বিনিময়ে পৌর শহরের জিরোপয়েন্টে তার ভাড়াকৃত একটি দোকান ঘর নুর হোসাইনের কাছে বুঝিয়ে দেন। সেখানে নুর হোসাইন “আসসুন্নাহ” নামে ফার্মেসি চালু করেন। চুক্তি অনুযায়ী, ব্যবসার লভ্যাংশের ৮ শতাংশ এবং মাসিক ২০ হাজার টাকা ভাড়া পাওয়ার কথা ছিল ইলিয়াছের।
কিছুদিন পর ইলিয়াছ নুর হোসাইনকে দোকান থেকে বের করে দিয়ে দোকানটি তার ভাই, সোনাগাজী উপজেলা তথ্যপ্রযুক্তি লীগের সভাপতি আজগর হোসেন ও অপর ভাই খুরশিদ আলমকে বুঝিয়ে দেন। তারা পরে “নিউ মিনা বাজার” নামে নতুন ব্যবসা শুরু করেন।
এ নিয়ে প্রতিকার চাইতে ভুক্তভোগী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দেন। প্রথম দিন শুনানিতে ইলিয়াছ উপস্থিত হলেও দ্বিতীয় দিন আর আসেননি। পরে ইউএনও ভুক্তভোগীকে থানায় পাঠান। থানায় একাধিকবার সমঝোতা বৈঠক হলেও ইলিয়াছ হাজির হননি, বরং থানার ওসির বিরুদ্ধে ফেনী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন।
অভিযোগ রয়েছে, টাকা ফেরত না দিয়ে ইলিয়াছ পরিবারটিকে প্রাণনাশের হুমকি দিতে থাকে। নিরুপায় হয়ে নুর হোসাইনের পরিবার ইউএনও অফিস, বণিক সমিতি, থানা, র্যাব ও সেনা ক্যাম্পে অভিযোগ করার পরও প্রতিকার না পেয়ে সংবাদ সম্মেলনের পথ বেছে নেয়।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ভুক্তভোগী নুর হোসাইন, তার শ্যালক শাখাওয়াত হোসেন রায়হান, টাকা লেনদেনের মধ্যস্থতাকারী আশরাফুল ইসলাম বুলবুল ও তার ফুফা ডা. ইমাম উদ্দিন।

