আহমেদ সিফাত, কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের ভৈরবে কুকুরের প্রাণ বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে নসিমনচালক আল আমিন (২৬)-এর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
হৃদয়বিদারক এ ঘটনায় স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। নিহত আল-আমিন কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের কান্দিগ্রাম (বাঘ হাটি) গ্রামের পণ্ডিত মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আজ সকালে ভৈরব উপজেলার গজারিয়া ইউনিয়নের বাঁশগাড়ি এলাকা থেকে ওয়াজ মাহফিলের সাউন্ড সিস্টেমের মালামাল নিয়ে কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের দ্বাড়িয়াকান্দি’র উদ্দেশ্যে রওনা হন আল-আমিন।
পথিমধ্যে হঠাৎ রাস্তার মাঝখানে একটি কুকুর চলে এলে পাশ কাটাতে গিয়ে নসিমনের নিয়ন্ত্রণ হারান তিনি। মুহূর্তেই যানটি সড়কের পাশে একটি তাল গাছে সজোরে ধাক্কা খায়। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে।
পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আতাউর রহমান আকন্দ সংবাদমাধ্যমকে বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জানতে পারি কুকুরকে বাঁচাতে গিয়ে নসিমন নিয়ন্ত্রণ হারালে চালক ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”
মর্মান্তিক এ দুর্ঘটনায় এলাকায় শোকের আবহ নেমে এসেছে।

