তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
নির্বাচনী প্রচারের শেষ দিনে সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটায় জামায়াতে ইসলামীর উদ্যোগে একটি নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে পাটকেলঘাটা বলফিল্ড মাঠে এ সমাবেশের আয়োজন করা হয়।
তালা উপজেলা জামায়াতের আমীর মাওলানা মফিদুল্লাহর সভাপতিত্বে এবং সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা–১ আসনের প্রার্থী অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এলাকার মানুষ কর্মসংস্থান ও নিরাপদ জীবনযাপনের যে প্রত্যাশা করে আসছে, তা বাস্তবায়নে তিনি কাজ করতে চান। তিনি বলেন, রাজনীতি তার কাছে ক্ষমতার বিষয় নয়, বরং মানুষের সেবার মাধ্যম। নির্বাচিত হলে জনসাধারণের উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি। পাশাপাশি বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে তালা–কলারোয়া এলাকাকে উন্নত জনপদ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর জেলা আমীর উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল, জেলা নায়েবে আমীর ডা. মাহমুদুল হক ও নুরুল হুদা, বিডিএফ সভাপতি ডা. আফতাব উদ্দীন, জেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা ওসমান গনী, সহকারী সেক্রেটারি অধ্যাপক গাজী সুজায়েত আলী, কলারোয়া উপজেলা আমীর মাওলানা কামরুজ্জামানসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতারা।
এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, পেশাজীবী সংগঠন ও ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ সমাবেশে উপস্থিত ছিলেন। বক্তারা এলাকার উন্নয়ন, চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

