পিরোজপুর প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য পিরোজপুরের ৩টি আসনের ৪১৮টি ভোটকেন্দ্রে নির্বাচনী সামগ্রী বিতরণ শুরু হয়েছে। কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করে এসব সামগ্রী কেন্দ্রে পাঠানো হচ্ছে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) জেলা নির্বাচন কার্যালয় থেকে কেন্দ্রে ব্যালট পেপার ও অন্যান্য নির্বাচনী সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করা হয়। পিরোজপুরের তিন আসনে মোট ভোটার সংখ্যা ১০ লাখ ৪২ হাজার ৮২৭ জন।
পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহম্মেদ সিদ্দিকী জানান, “পিরোজপুরের ৭টি উপজেলার তিনটি সংসদীয় আসনের নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য নিরাপত্তা ব্যবস্থায় সবরকম প্রস্তুতি নেওয়া হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে ১,৬০০ জন পুলিশ, ৬৮ জন নৌ-পুলিশ, ৮০০ জন সেনা, ৪৬৩ জন বিজিবি, ১১২ জন ব্যাটালিয়ন আনসার, ৬৫ জন র্যাব, ৮০ জন কোস্ট গার্ড ও ৫,৪৩৪ জন আনসার-ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন।”
তিনি আরও জানান, “আইনশৃঙ্খলা তদারকি করতে পুলিশের ২৬৬টি বডি-ওর্ন ক্যামেরার মধ্যে ১৩৪টি অনলাইন ও ১৩২টি অফলাইন ক্যামেরা ব্যবহার হবে। ৪১৮টি ভোটকেন্দ্রে সেনা, র্যাব, বিজিবি ও পুলিশের ৪২টি মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্স দায়িত্ব পালন করবে। সব ইউনিট সমন্বিতভাবে কাজ করবে।”

