কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঝালকাঠি–১ (কাঠালিয়া–রাজাপুর) আসনে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে। এ আসনে জীবনের প্রথম ভোট দিয়েছেন এনসিপি নেত্রী মাহমুদা আলম মিতু।
বৃহস্পতিবার (১২ই ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে কাঠালিয়া উপজেলার বাশবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে লাইনে দাঁড়িয়ে তিনি তাঁর ভোটাধিকার প্রয়োগ করেন। প্রথমবার ভোট দিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করে মাহমুদা আলম মিতু বলেন, “জীবনের প্রথম ভোট দিতে পেরে আমি খুব আনন্দিত।” তিনি আশা প্রকাশ করেন, ১১ দলীয় জোট সরকার গঠন করবে এবং এ আসনে ডা. ফায়জুল হক বিজয়ী হবেন।
এদিকে সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে বলে জানা গেছে। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপর উপস্থিতি লক্ষ্য করা গেছে এবং সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ঝালকাঠি–১ আসনে মোট ৯০টি ভোটকেন্দ্র রয়েছে। এর মধ্যে কাঠালিয়া উপজেলায় ৪০টি এবং রাজাপুর উপজেলায় ৫০টি কেন্দ্রের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

