বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বরিশালের মুলাদী উপজেলায় ভোটগ্রহণ চলাকালে প্রভাব বিস্তারের অভিযোগে স্থানীয় যুবদল নেতা নুরু মৃধাকে আটক করেছে সেনাবাহিনী।
আটক নুরু মৃধা মুলাদী উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি এবং কাজীরচর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য। মঙ্গলবার সকাল ১১টার দিকে কাজীরচর ইউনিয়নের জালিয়াকান্দি ১ নম্বর ওয়ার্ডের একটি ভোটকেন্দ্রে তিনি বিশৃঙ্খলা সৃষ্টি ও ভোটে প্রভাব বিস্তারের চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, এর আগে গত ২ ফেব্রুয়ারি নুরু মৃধা দলবল নিয়ে লাঙ্গল প্রতীকের প্রার্থী আলহাজ গোলাম কিবরিয়া টিপুর গণসংযোগকালে তার প্রচারণা বহরের গাড়ির গতিরোধ করেন। সে সময় প্রায় ৩০ মিনিট সড়কে তিন থেকে চারটি গাড়ি আটকে রাখা হয় এবং ভয়ভীতি ও হুমকি প্রদর্শনের অভিযোগ ওঠে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা একপর্যায়ে হুমকি-ধামকির মুখে পড়েন। এ সময় প্রচারণায় থাকা প্রার্থীর কন্যা হাবিবা কিবরিয়া ও তার সঙ্গে থাকা নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় মুলাদী থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে যেকোনো অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঘটনার পর সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

