ভালুকা (ময়মনসিংহ)প্রতিনিধি
ময়মনসিংহের ভালুকা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বড়চালা জামে মসজিদের পানির ট্যাংকিতে বিষ মেশানোর অভিযোগ উঠেছে। শুক্রবার আছরের নামাজের সময় ঘটনাটি ধরা পড়লে এলাকায় ব্যাপক উদ্বেগ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।
স্থানীয়দের বরাতে জানা যায়, আছরের নামাজের আগে মুসল্লিরা অযু করতে গিয়ে পানিতে তীব্র অস্বাভাবিক গন্ধ টের পান। সন্দেহ হওয়ায় সঙ্গে সঙ্গে ট্যাংকির পানি ব্যবহার বন্ধ করে দেওয়া হয় এবং উপস্থিত মুসল্লিদের সতর্ক করা হয়। পরে মসজিদ কমিটি ও এলাকাবাসী মিলে ট্যাংকি পরীক্ষা করে ভেতরে একটি বিষের বোতল দেখতে পান।
মসজিদ পরিচালনা কমিটির সহ-সভাপতি এম এইচ তুহিন বলেন, “ঘটনাটি অত্যন্ত ন্যাক্কারজনক। মুসল্লিদের মাধ্যমে বিষয়টি জানার পর কমিটির সদস্যরা দ্রুত ট্যাংকি পরিদর্শন করে সন্দেহজনক একটি বিষের বোতল উদ্ধার করেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই বোতলের মাধ্যমে পানিতে বিষজাতীয় পদার্থ মেশানো হয়েছে।”
তিনি আরও জানান, বিষয়টি নিয়ে বিস্তারিত তদন্ত শুরু হয়েছে এবং প্রশাসনকে অবহিত করা হয়েছে। দায়ীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

