গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
বরিশালের গৌরনদী উপজেলায় একটি চামড়ার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। শুক্রবার দিবাগত রাত পৌনে দুইটার দিকে উপজেলার টরকী বাসস্ট্যান্ড সংলগ্ন শওকত সওদাগারের গোডাউনে এ ঘটনা ঘটে।
গৌরনদী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মিজানুর রহমান অগ্নিকাণ্ডের সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
তিনি আরও জানান, আগুন নিয়ন্ত্রণে আনার আগেই একটি মোটরসাইকেলসহ বিপুল পরিমাণ চামড়া পুড়ে যায়। এতে ব্যবসায়ীর প্রায় ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনো জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।

