রাজশাহী প্রতিনিধি
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে)। দিবসের প্রথম প্রহরে রাত ১২টা ০১ মিনিটে নগরীর সোনাদিঘীতে নবনির্মিত রাজশাহী কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এ শ্রদ্ধা জানানো হয়।
আরইউজের সভাপতি মুহা. আব্দুল আউয়াল ও সাধারণ সম্পাদক ডালিম হোসেন শান্তর নেতৃত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-এর সহকারী মহাসচিব ড. সাদিকুল ইসলাম স্বপন, আরইউজের সহসভাপতি মঈন উদ্দিন, যুগ্ম সম্পাদক ওমর ফারুক, কোষাধ্যক্ষ হাবিল উদ্দিন হাবিব, প্রচার ও প্রকাশনা সম্পাদক আশিকুর রহমান, নির্বাহী সদস্য সোহেল মাহবুবসহ ইউনিয়নের অন্যান্য সদস্যরা।
শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারির ভাষা আন্দোলন বাঙালি জাতির আত্মপরিচয় ও অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের এক অবিস্মরণীয় অধ্যায়। মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষায় ভাষা শহীদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
তারা আরও বলেন, ভাষা শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলা ভাষার যথাযথ চর্চা ও রাষ্ট্রের সর্বস্তরে এর সঠিক প্রয়োগ নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব। নতুন প্রজন্মের কাছে ভাষা আন্দোলনের সঠিক ইতিহাস তুলে ধরতে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সত্য ও ন্যায়ের পক্ষে থেকে দায়িত্বশীল সাংবাদিকতা চর্চার মাধ্যমে ভাষা শহীদদের স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান নেতৃবৃন্দ।

