কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় নিখোঁজের ২৬ দিন পর চার মাস বয়সী এক শিশুর মরদেহ বাড়ির পেছনের টয়লেটের সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৩ মার্চ) সকালে উপজেলার ছয়সূতী ইউনিয়নের দাড়িয়াকান্দি (কাঁঠালতলা) এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিশুটির নাম আশরাফুল ইসলাম। তার বাবা মো. শাহীন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)-এর গাড়িচালক হিসেবে কর্মরত।
পরিবার সূত্রে জানা যায়, গত ৫ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টার দিকে শিশুটির মা তাকে ঘরের ভেতর দোলনায় শুইয়ে রেখে বাড়ির পাশেই ঝাড়ু দিতে যান। কিছু সময় পর সাত বছর বয়সী বড় ছেলে এসে জানায়, দোলনায় ছোট ভাই নেই। এরপর পরিবারের সদস্যরা ঘর ও আশপাশের এলাকা তন্নতন্ন করে খুঁজেও শিশুটির কোনো সন্ধান পাননি।
নিখোঁজের পর এক প্রতিবেশী দাবি করেন, বোরকা পরা তিন নারীকে দ্রুত এলাকা ত্যাগ করতে দেখা গেছে এবং তাদের একজনের হাতে একটি শিশু ছিল। ওই তথ্য ছড়িয়ে পড়লে এলাকায় শিশু চুরির গুজব ও আতঙ্ক সৃষ্টি হয়।
২৬ দিন পর মঙ্গলবার সকালে বাড়ির টয়লেটের সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে শিশুটির দাদা পানির ভেতরে পচাগলা মরদেহ দেখতে পান। পরে পুলিশকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আরিফ জানান, নিখোঁজের পর থেকেই বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছিল। মরদেহ উদ্ধারের ঘটনায় তদন্তে নতুন মাত্রা যোগ হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
এদিকে শিশুটির দাদি অভিযোগ করেছেন, পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটতে পারে। তার দাবি, ছোট ছেলের স্ত্রী দীর্ঘদিন ধরে পরিবারের সঙ্গে বিরোধে জড়িত ছিলেন এবং বিভিন্ন সময় হুমকি দিতেন।
ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় শোক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। দীর্ঘ ২৬ দিন নিখোঁজ থাকার পর নিজ বাড়ির সেপটিক ট্যাংক থেকে মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় রহস্য ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার পেছনের প্রকৃত কারণ উদ্ঘাটনে সব দিক খতিয়ে দেখা হচ্ছে।

