জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
আশাশুনি উপজেলা পরিষদ হলরুমে স্থানীয় সরকারের স্ট্যান্ডিং কমিটি শক্তিশালীকরণ এবং জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর সেবা প্রাপ্তি নিশ্চিতকরণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ মার্চ) বেলা ১১টায় এ সভা অনুষ্ঠিত হয়।
ব্রেকিং দ্য সাইলেন্স (বিটিএস)-এর আয়োজনে এবং ‘ব্লু ইকোনমি অ্যান্ড ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ফর ক্লাইমেট জাস্টিস (BID4CJ)’ প্রকল্পের আওতায় আয়োজিত এ সভায় স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও কার্যকর করা, ইউনিয়ন পর্যায়ে আদর্শ গ্রাম গঠন, জেন্ডার ন্যায্যতা ও ইকোসিস্টেম ব্যবস্থাপনার বিষয় গুরুত্ব পায়। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সংস্থাটির প্রোগ্রাম ম্যানেজার মোঃ শরিফুল ইসলাম।
উপজেলা কৃষি অফিসার শুভ্রাংশু শেখর দাশের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইদুজ্জামান হিমু। তিনি বলেন, আদর্শ গ্রাম গঠনে ইউনিয়ন পরিষদের প্রাতিষ্ঠানিক কাঠামো কার্যকরভাবে কাজে লাগাতে হবে এবং স্ট্যান্ডিং কমিটিগুলোকে সক্রিয় ও গতিশীল করতে হবে। বিশেষ করে দুর্যোগ ব্যবস্থাপনা, নারী ও শিশু উন্নয়ন, পানি ও স্যানিটেশন, স্বাস্থ্য, কৃষি ও সামাজিক নিরাপত্তা বিষয়ক কমিটিগুলোর নিয়মিত সভা ও কার্যক্রম বাস্তবায়নের ওপর জোর দেন তিনি।
সভায় উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, জনপ্রতিনিধি, উন্নয়নকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।
সভাশেষে অংশগ্রহণকারীরা স্থানীয় সরকার ও প্রশাসনের সমন্বয়ে পরিকল্পিত উদ্যোগ গ্রহণের মাধ্যমে টেকসই, সহনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রামীণ সমাজ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।

