Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৫ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

খুলনার ডাকবাংলো মোড়ে ব্যবসায়ী-শ্রমিকনেতা নিহত, লবণচরায় রিকশাচালককে গুলি

রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি
মার্চ ৫, ২০২৬ ৮:৫৬ পূর্বাহ্ণ
Link Copied!

রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি

খুলনা মহানগরীর প্রাণকেন্দ্র ডাকবাংলো মোড়ে প্রকাশ্যে গুলি ও কুপিয়ে হত্যা করা হয়েছে ব্যবসায়ী ও শ্রমিকনেতা মাসুম বিল্লাহকে (৪০)। একই রাতে নগরীর লবণচরা এলাকায় মুখোশধারীদের গুলিতে গুরুতর আহত হয়েছেন এক রিকশাচালক। টানা সহিংসতায় নগরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বুধবার (৪ মার্চ) রাত আনুমানিক সোয়া ৯টার দিকে ব্যস্ততম ডাকবাংলো মোড়ের বাটা শোরুমের সামনে সাতজন অস্ত্রধারীর একটি দল মাসুম বিল্লাহকে লক্ষ্য করে গুলি চালায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, গুলিবিদ্ধ হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে দ্রুত সটকে পড়ে। মুহূর্তের মধ্যে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দোকানপাট বন্ধ হয়ে যায়, ক্রেতাদের মধ্যে ছুটোছুটি শুরু হয়।

নিহত মাসুম বিল্লাহ রূপসা উপজেলার বাগমারা গ্রামের বাসিন্দা। তিনি রূপসা-বাগেরহাট আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি এবং উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক ছিলেন। পরিবার নিয়ে ঈদের বাজার করতে এসে এ নৃশংস হামলার শিকার হন তিনি।

হামলার পর পালিয়ে যাওয়ার সময় অশোক ঘোষ নামে এক ব্যক্তিকে ধাওয়া করে আটক করে স্থানীয় জনতা। তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ঘটনাস্থলে গিয়ে পুলিশ প্রথমে নিয়ন্ত্রণে হিমশিম খায়। পরে সেনাবাহিনীর সদস্যরা এসে রাস্তা ফাঁকা করে আটক ব্যক্তিকে পুলিশি হেফাজতে নেন।

খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, “ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। জড়িতদের গ্রেপ্তারে একাধিক টিম কাজ করছে।”

তিনি আরও জানান, গুলিবিদ্ধ অবস্থায় মাসুম বিল্লাহকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

একই রাতে রাত ১০টার দিকে নগরীর লবণচরা থানার মুজাহিদ পাড়ায় মো. হাবিবুর রহমান (২২) নামে এক রিকশাচালককে গুলি করে দুর্বৃত্তরা। পুলিশ ও স্থানীয়রা জানান, মুখোশধারী তিনজন তাকে ধরে নিয়ে পরপর তিন রাউন্ড গুলি করে ফেলে রেখে যায়। তার পিঠের ডান পাশে গুলি লেগেছে।

আহত হাবিব সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার বাসিন্দা। বর্তমানে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক। পুলিশের প্রাথমিক ধারণা, ব্যক্তিগত বিরোধ কিংবা স্থানীয় সন্ত্রাসী চক্রের নির্দেশে এ হামলা হয়ে থাকতে পারে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

গত কয়েক দিনে খুলনায় একের পর এক গুলি ও কুপিয়ে হত্যার ঘটনায় সাধারণ মানুষের মধ্যে চরম উদ্বেগ সৃষ্টি হয়েছে। প্রকাশ্যে অস্ত্রের মহড়া ও রক্তাক্ত হামলায় নিরাপত্তাহীনতায় ভুগছেন ব্যবসায়ী, শ্রমিক ও সাধারণ মানুষ। আইনশৃঙ্খলা বাহিনী জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দিলেও নগরবাসীর প্রত্যাশা—কেবল আশ্বাস নয়, দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।