কয়রা (খুলনা) প্রতিনিধি
খুলনার কয়রা উপজেলায় সড়ক দুর্ঘটনায় রাবেয়া খাতুন (৮) নামের এক স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত রাবেয়া উপজেলার বামিয়া গ্রামের মো. রবিউল ইসলামের মেয়ে।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার বামিয়া গ্রামের দিবাশিস ডাক্তারের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কয়রা থেকে একটি মাইক্রোবাস আসছিল এবং চাঁদ আলীর দিক থেকে একটি ইজিবাইক যাচ্ছিল। এ সময় রাবেয়া রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। হঠাৎ আবু ইছা নামের এক ইজিবাইক চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ইজিবাইকটি রাবেয়ার ওপর উঠে যায়। এতে সে গুরুতর আহত হয়।
পরে স্থানীয়দের সহায়তায় রাবেয়ার বাবা মোটরসাইকেলে করে তাকে দ্রুত কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুজিত কুমার বৈদ্য জানান, সড়ক দুর্ঘটনায় শিশুটির বুকে গুরুতর আঘাত লাগে। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
কয়রা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. শাহ আলম বলেন, ঘটনাটি সম্পর্কে খবর পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

