Nabadhara
ঢাকারবিবার , ৮ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

পঞ্চগড়ে ডাকাতির রহস্য উদঘাটন: ৬ জন গ্রেফতার, লুণ্ঠিত মালামাল উদ্ধার

পঞ্চগড় প্রতিনিধি
মার্চ ৮, ২০২৬ ৭:৩২ অপরাহ্ণ
Link Copied!

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড় সদর উপজেলার যুগিভিটা এলাকায় গত ২৭ ফেব্রুয়ারি সংঘটিত চাঞ্চল্যকর সশস্ত্র ডাকাতির রহস্য উদঘাটন করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এই ঘটনায় জড়িত ৬ জনকে গ্রেফতার করা হয়েছে এবং লুণ্ঠিত মালামালসহ ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম আজ সকালে পুলিশ সুপারের হলরুমে এক প্রেস ব্রিফিংয়ে জানান, ডাকাত দল প্রিন্সিপাল মফিজার রহমান কলেজের অধ্যক্ষ মো. নুরুল্লাহর বাড়িতে হামলা চালায়। অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে তারা আনুমানিক ৮ ভরি স্বর্ণালঙ্কার (মূল্য প্রায় ২০ লাখ টাকা), নগদ ২ লাখ ২০ হাজার টাকা এবং একটি স্মার্টফোন লুণ্ঠন করে পালিয়ে যায়।

ঘটনার পর পঞ্চগড় সদর থানায় মামলা দায়ের হলে ডিবি পুলিশের একটি দল তদন্ত শুরু করে। তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে গত ৪ মার্চ গভীর রাতে পাঁচজনকে গ্রেফতার করা হয়। তাদের তথ্য অনুযায়ী ৫ মার্চ রাত ১টা ৩৫ মিনিটে মূল পরিকল্পনাকারী মো. আলমকে তার নিজ এলাকা যুগিভিটা থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— মজিবর রহমান (৩৫), রমজান আলী (৩০), সাদ্দাম হোসেন (৩০), আশিক (১৯), জুবায়ের ওরফে জিদান (১৯) এবং মো. আলম (৩৭)। পুলিশ জানায়, লুণ্ঠিত স্মার্টফোন, একটি সিম কার্ড এবং ডাকাতির কাজে ব্যবহৃত একটি সাবল, একটি ছোট চাকু ও দুটি বড় ছোরা উদ্ধার করা হয়েছে।

তদন্তে জানা যায়, মূল পরিকল্পনাকারী আলম ভুক্তভোগীর প্রতিবেশী। আর্থিক সংকট ও হজের সময় বাড়িতে অনুপস্থিতি কাজে লাগিয়ে সে এ ডাকাতি পরিকল্পনা করে। আলম আদালতে ১৬৪ ধারায় স্বেচ্ছায় স্বীকারোক্তি জবানবন্দি প্রদান করেছেন।

বর্তমানে সাদ্দাম, জুবায়ের, রমজান, মজিবর ও আশিক দুই দিনের পুলিশ হেফাজতে রয়েছেন এবং আলম জেল হাজতে রয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।