জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের কালাই উপজেলায় মুক্তিযুদ্ধের ইতিহাস নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে মুক্তিযুদ্ধ গ্রন্থপাঠ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে আব্দুল লতিফ স্মৃতি পাঠাগারের আয়োজনে এবং মুক্তিযুদ্ধ জাদুঘরের সহযোগিতায় ‘আলী যাকের মুক্তিযুদ্ধ গ্রন্থপাঠ উদ্যোগ’ এর উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে আব্দুল লতিফ স্মৃতি পাঠাগারের প্রতিষ্ঠাতা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আব্দুল মজিদ এর সভাপতিত্বে প্রধান অতিথি ও বক্তারা মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানার জন্য তরুণ প্রজন্মকে বই পড়ার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় উপস্থিত ছিলেন উডবেজার স্কাউট লিডার শাপলা পারভীন, কালাই উপজেলা স্কাউটসের সহকারী কমিশনার ও বোড়াই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মহসিনা খাতুনসহ স্থানীয় শিক্ষক-শিক্ষার্থী ও পাঠাগারের সদস্যরা।
কর্মসূচির অংশ হিসেবে স্কুল পর্যায়ের ৫ জন এবং কলেজ পর্যায়ের ৫ জন শিক্ষার্থীর হাতে নির্বাচিত মুক্তিযুদ্ধভিত্তিক গ্রন্থ তুলে দেওয়া হয়। এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে গ্রন্থপাঠ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
আয়োজকরা জানান, নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা জাগ্রত করা এবং ইতিহাস সম্পর্কে সচেতনতা বাড়াতে এ ধরনের গ্রন্থপাঠ কর্মসূচি ধারাবাহিকভাবে চালু রাখা হবে।

