শেরপুর (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শেরপুরে কৃষি ও কৃষকের স্বার্থে উপজেলার গুরুত্বপূর্ণ বাগড়া খালের পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী গঠিত নতুন সরকারের অধীনে শেরপুর উপজেলায় এটি প্রথম কোনো বড় উন্নয়নমূলক প্রকল্প। মঙ্গলবার (১০ মার্চ) বিকেল পৌনে ৫টায় উপজেলার গোসাইবাড়ি বটতলা এলাকায় এক অনুষ্ঠানের মাধ্যমে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য (বগুড়া-৫) আলহাজ্ব গোলাম মোহাম্মদ সিরাজ।
বগুড়া পানি উন্নয়ন বোর্ড (পাউবো)-এর তত্ত্বাবধানে উপজেলার গাড়িদহ ও কুসুম্বী ইউনিয়নের মধ্যদিয়ে প্রবাহিত ১.১৭০ কিলোমিটার দীর্ঘ এই খাল খনন করা হবে। খালের প্রস্থ ১.৫ মিটার এবং গভীরতা স্থানভেদে ৭ থেকে ৮ ফুট পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। ২৮ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়িত প্রকল্পে খালের দুই পাশের পাড় উঁচু করে বৃক্ষরোপণ করা হবে, যা ভবিষ্যতে কৃষকদের চলাচলের রাস্তা হিসেবে ব্যবহৃত হবে।
স্থানীয় কৃষকরা জানান, ১৯৭৯ সালে তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রথম এই খাল খনন করেছিলেন। দীর্ঘদিন কোনো সংস্কার না হওয়ায় খালটি ভরাট হয়ে পড়েছিল। পুনঃখননের উদ্যোগে তারা উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ বলেন, “বিএনপি সরকার একটি কৃষক বান্ধব সরকার। সরকার গঠনের মাত্র ২৩ দিনের মাথায় আমরা কৃষকের স্বার্থে খাল খনন কার্যক্রম শুরু করেছি। পর্যায়ক্রমে এই খালের ২০ কিলোমিটার এবং উপজেলার অন্যান্য খালসহ অন্তত ৮০ কিলোমিটার খনন কাজ সম্পন্ন করা হবে, যাতে পানি সরাসরি নদীতে প্রবাহিত হতে পারে।”
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বগুড়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাহমুদ হাসান। তিনি বলেন, খাল খননের ফলে কৃষকরা সেচ সুবিধা পাবেন এবং বর্ষা মৌসুমে জলাবদ্ধতা থেকে মুক্তি পাবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য কে এম মাহবুবুর রহমান হারেজ, বগুড়া জেলা বিএনপির সাবেক উপদেষ্টা আলহাজ্ব জানে আলম খোকা এবং শেরপুর উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম বাবলুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। উদ্বোধনের পর দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

