বাঁধন হোসেন, জামালপুর প্রতিনিধি
জামালপুরে স্বামীকে গাছের সাথে বেধে স্ত্রীকে গণধর্ষনের ঘটনায় ৩ জনের মৃত্যুদন্ডাদেশ ও প্রত্যেককে ১লক্ষ টাকা করে অর্থদন্ড দিয়েছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১। বুধবার (১১ মার্চ) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই রায় ঘোষণা করেন। একই মামলায় ওই তিনজনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত।
দন্ডপ্রাপ্ত আসামীরা হলো- জামালপুর সদর উপজেলার রশিদপুর ইউনিয়নের পাকুল্লা এলাকার আজিজুল হকের ছেলে ফারুক হোসেন (২৮), আলী আকবরের ছেলে মনছুর আলী (২৫), শফিকুল ইসলামের ছেলে ফেরদৌস হোসেন (১৬)। অভিযোগ প্রমাণিত না হওয়ায় ওই মামলায় একই এলাকার জামাল উদ্দিনের ছেলে জাহিদুল ইসলামকে (১৭) খালাস প্রদান করে আদালত।
মামলার বরাত দিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবি মোঃ ফজলুল হক জানান, ২০২৩ সালে জামালপুর সদর উপজেলার রশিদপুর ইউনিয়নের পাকুল্লা গ্রামে স্বামীর সাথে ঘুরতে গিয়ে গণধর্ষণের শিকার হয় এক গৃহবধু। আসামীরা তার স্বামীকে গাছের সাথে বেঁধে ওই গৃহবধুকে গণধর্ষণ করে। পরে ওই গৃহবধু ৪ জনকে আসামী করে জামালপুর সদর থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় ৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত ৩ জনকে মৃত্যুদন্ডের আদেশ ও প্রত্যেককে ১ লক্ষ টাকা করে অর্থদন্ড প্রদান করেন। একই মামলায় ওই তিনজনকে যাবজ্জীবন কারাদন্ডও দেয় আদালত। তবে সকল আসামীরা পলাতক রয়েছে।
আইনজীবি মোঃ ফজলুল হক আরও জানান, দীঘদিন পর বাদী পক্ষ ন্যায্য বিচার পেয়েছে। আদালতের রায়ে বাদী পক্ষ সন্তোষ্ট বলে জানান তিনি। তবে এ সময় আদালতে আসামী পক্ষে কোন আইনজীবী ছিলেন না।

