কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
রংপুরের কাউনিয়া উপজেলায় এক স্কুল শিক্ষকের ওপর দুর্বৃত্তদের অতর্কিত হামলা ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় ওই শিক্ষক বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
মঙ্গলবার (১০ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার শিবু মানাসপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত শিক্ষক বিপ্লব চন্দ্র রায় শিবু উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং উপজেলার খোপাতী গ্রামের বাসিন্দা।
ভুক্তভোগী শিক্ষক বিপ্লব চন্দ্র রায় জানান, শনিবার সন্ধ্যায় ইট কেনার উদ্দেশ্যে ভাটার দিকে যাওয়ার সময় শিবু মানাস নদীর কাঠের ব্রিজের কাছে পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত তার পথরোধ করে। এ সময় তারা লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে তাকে এলোপাতাড়ি মারধর করে। হামলায় তার শরীর ও মাথায় গুরুতর আঘাত লাগে এবং একপর্যায়ে দুর্বৃত্তরা তার প্যান্টের পকেট থেকে ইট কেনার জন্য রাখা ২ লাখ ৬০ হাজার টাকা ছিনিয়ে নেয়।
তিনি আরও জানান, তার ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক জানান, তার মাথার গুরুতর জখম স্থানে তিনটি সেলাই দেওয়া হয়েছে। তবে বর্তমানে তিনি শঙ্কামুক্ত রয়েছেন।
এ ঘটনায় শিক্ষক বিপ্লব চন্দ্র রায়ের স্ত্রী অর্চনা রানী বাদী হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে কাউনিয়া থানায় একটি এজাহার দাখিল করেছেন। হামলার ঘটনায় এলাকায় উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয়রা।
এ বিষয়ে কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নজমুল হক বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং আহত শিক্ষকের সঙ্গে কথা বলা হয়েছে। ভুক্তভোগী পরিবার মামলা করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

