মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুর সদর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের নবার মোড়ে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা সাড়ে ১২টার দিকে মাদারীপুর–শ্রীনদী সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নের সোনাপাড়া গ্রামের পান্নু খাঁর ছেলে নাজমুল খাঁ (১৭) এবং নেত্রকোনা জেলার রফিকুল ভূঁইয়ার ছেলে সাইমুন ভূঁইয়া (৩৫)। সাইমুন ভূঁইয়া সম্পর্কে নাজমুলের ভগ্নিপতি।
স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেলটি কালির বাজার থেকে সোনাপাড়া গ্রামের উদ্দেশ্যে যাচ্ছিল। পথে নবার মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি চলন্ত ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের ফলে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে ট্রাকের নিচে ঢুকে যায়।
এতে ঘটনাস্থলেই সাইমুন ভূঁইয়া নিহত হন। গুরুতর আহত অবস্থায় নাজমুল খাঁকে মাদারীপুর সদর হাসপাতালে নেওয়ার পথে তারও মৃত্যু হয়।
খবর পেয়ে শ্রীনদী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহমুদ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠান। এ সময় ট্রাকচালক সূর্য মিয়া এবং ঘাতক ট্রাকটি আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
পুলিশ জানিয়েছে, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ নিহতদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

