Nabadhara
ঢাকাশুক্রবার , ১৩ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

মহম্মদপুরের বিভিন্ন সড়কে ফসল মাড়াই, পথচারীদের চরম বিড়ম্বনা

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
মার্চ ১৩, ২০২৬ ৮:১২ অপরাহ্ণ
Link Copied!

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি

মাগুরার মহম্মদপুর উপজেলার বিভিন্ন সড়ক এ মৌসুমে চৈতালী ফসল শুকানো ও মাড়াইয়ের হালটে পরিণত হয়েছে। এতে যানবাহন চলাচল ও পথচারীদের দুর্ভোগ বাড়ছে। প্রায় প্রতিদিনই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।

উপজেলার সঙ্গে জেলা শহরে যোগাযোগের প্রধান সড়কসহ গ্রামাঞ্চলের অধিকাংশ পাকা সড়কে কৃষকরা ডাল, গম, ধনিয়া, ছোলা, রাই ও সরিষাসহ বিভিন্ন চৈতালী ফসল শুকানো ও মাড়াইয়ের কাজে ব্যবহার করছেন। এতে সাধারণ মানুষকে সীমাহীন ভোগান্তিতে পড়তে হচ্ছে।

বুধবার সরেজমিনে উপজেলার ঘুল্লিয়াসহ বিভিন্ন এলাকায় দেখা যায়, প্রধান সড়ক ও অভ্যন্তরীণ প্রায় ২০০ কিলোমিটার পাকা সড়কের বিভিন্ন স্থানে ফসল ছড়িয়ে রাখা হয়েছে। বাড়ির উঠান বা খোলা জায়গার অভাবে অনেক কৃষক বাড়ির পাশের সড়ককেই ফসল শুকানোর জায়গা হিসেবে ব্যবহার করছেন। ফলে রাস্তা দিয়ে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

স্থানীয়দের অভিযোগ, রাস্তার ওপর ফসল ছড়িয়ে রাখার কারণে মোটরসাইকেল ও অন্যান্য যানবাহন চলাচলে মারাত্মক সমস্যা হচ্ছে। মহম্মদপুর–মাগুরা সড়ক, মহম্মদপুর–নহাটা সড়ক, বাবুখালী–মহম্মদপুর সড়ক, রাজাপুর–মহম্মদপুর ও বিনোদপুর–রাজাপুর সড়কসহ গ্রামাঞ্চলের বেশিরভাগ সড়কই এখন ফসল মাড়াইয়ের স্থানে পরিণত হয়েছে।

মোটরসাইকেল আরোহী মান্নান শিকদার বলেন, “রাস্তার ওপর ফসল মাড়াই করার কারণে মোটরসাইকেল চালানো খুবই ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।”

অটোরিকশা চালক রহিম মোল্যা বলেন, “অনেক সময় চাকায় ফসল জড়িয়ে অটো আটকে যায়। এ অবস্থায় গাড়ি চালানো প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।”

বাবুখালী থেকে মহম্মদপুরগামী সাইকেল আরোহী বৃদ্ধ আবজাল হোসেন বলেন, “গম ছড়িয়ে রাখায় রাস্তা পিচ্ছিল হয়ে গেছে। প্রতিদিন চলাচল করতে গিয়ে কয়েকবার পড়ে গেছি। কিন্তু কেউ যেন বিষয়টি দেখার নেই।”

স্থানীয় ইউপি সদস্য হাবিব জানান, অনেকেই বাড়ির উঠানের মতো সড়ক ব্যবহার করে ফসল মাড়াই করছেন। এতে সড়কে চলাচল দুর্বিষহ হয়ে পড়েছে। তিনি এ সমস্যা থেকে দ্রুত মুক্তির জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

এদিকে গত বছর উপজেলা প্রশাসন এ বিষয়ে কিছু পদক্ষেপ নিলেও এ বছর এখনো তেমন কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে।

এ বিষয়ে মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহ. শাহনুর জামান বলেন, শিগগিরই জনসচেতনতামূলক অভিযান পরিচালনা করা হবে। এরপরও কেউ নির্দেশ অমান্য করলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।