মনিরামপুর (যশোর) প্রতিনিধি
ডেঙ্গু প্রতিরোধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করে যশোরের মনিরামপুরে ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও পৌরসভা। অভিযানের অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন স্থানে জরিমানাও করা হয়েছে।
শনিবার (১৪ মার্চ) সকালে পৌর শহরের প্রধান সড়ক ও ঘনবসতিপূর্ণ এলাকাগুলোতে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় বাসাবাড়ি, দোকানপাট ও নির্মাণাধীন ভবন পরিদর্শন করে এডিস মশার লার্ভা পাওয়া গেলে দায়িত্বহীনতার দায়ে কয়েকজনকে অর্থদণ্ড দেওয়া হয়। পাশাপাশি বিভিন্ন স্থানে জমে থাকা পানি অপসারণ, ড্রেন পরিষ্কার এবং পরিত্যক্ত ডোবা-নালায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হয়। পরে ফগার মেশিনের মাধ্যমে মশক নিধনের ওষুধ ছিটানো হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সম্রাট হোসেন বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় ডেঙ্গু প্রতিরোধে প্রশাসন ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে। ফগার মেশিনের চেয়ে নাগরিকদের সচেতনতা ও দায়িত্বশীলতাই বেশি গুরুত্বপূর্ণ। কোনো জায়গায় তিন দিনের বেশি পানি জমে থাকতে দেওয়া যাবে না। প্রতিটি পরিবারকে মশার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
মনিরামপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) মাহির দায়ান আমিন জানান, বর্ষা মৌসুমের আগেই ডেঙ্গু প্রতিরোধে প্রতিটি ওয়ার্ডে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। ড্রেনেজ ব্যবস্থা সচল রাখতে দ্রুতগামী টিম গঠন করা হয়েছে।
এদিকে পৌর শহরের স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে শহরের উপকণ্ঠ ও আশপাশের এলাকাতেও নিয়মিত মশক নিধন কার্যক্রম জোরদারের দাবি জানিয়েছেন।

