নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
গাজীপুরে পাইকারি পর্যায়ে এলপিজি গ্যাস সিলিন্ডার অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৩ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৬ এপ্রিল) দুপুরে জেলার কালীগঞ্জ উপজেলার একটি এলপিজি গ্যাস প্ল্যান্টে জেলা প্রশাসন ও সেনাবাহিনীর যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ফয়সাল এবং গাজীপুর আর্মি ক্যাম্পের মেজর অর্ণব।
অভিযান সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পাইকারি পর্যায়ে কিছু অসাধু ব্যবসায়ী সরকার নির্ধারিত মূল্যের তোয়াক্কা না করে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রি করে আসছিলেন। এর ফলে খুচরা বাজারে গ্যাসের দাম অস্বাভাবিকভাবে বেড়ে গিয়ে ভোক্তাদের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হচ্ছিল।
এমন অভিযোগের ভিত্তিতে পরিচালিত অভিযানে কালীগঞ্জের বিএম এনার্জি এলপি গ্যাস প্ল্যান্টে তল্লাশি চালিয়ে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে গ্যাস বিক্রির সুনির্দিষ্ট প্রমাণ পায় ভ্রাম্যমাণ আদালত। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার জন্য প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে কঠোরভাবে সতর্ক করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ফয়সাল জানান, সরকার নির্ধারিত মূল্যের বাইরে কোনো পণ্য বিক্রি করা সম্পূর্ণ অবৈধ। বাজারে স্বাভাবিক মূল্য নিশ্চিত করতে এবং ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সেনাবাহিনীর পক্ষ থেকেও জানানো হয়, জনস্বার্থবিরোধী কার্যক্রম দমনে বেসামরিক প্রশাসনকে সহায়তা করার লক্ষ্যে তাদের এ ধরনের অভিযান চলমান থাকবে।
জেলা প্রশাসন জানিয়েছে, বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে নিয়মিত নজরদারি অব্যাহত থাকবে এবং প্রয়োজন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের অভিযান নিয়মিত হলে বাজারে অস্থিতিশীলতা কমবে এবং সাধারণ মানুষ ন্যায্যমূল্যে পণ্য কিনতে পারবেন।

