Nabadhara
ঢাকাসোমবার , ৬ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আশাশুনির খাজরায় রাস্তা নিয়ে সংঘর্ষ: আহত ৮, আটক ৮

Link Copied!

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি 

সাতক্ষীরার আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নে রাস্তা নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৮ জন গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ ৮ জনকে আটক করেছে।

সোমবার (৬ এপ্রিল) সকাল ৯টার দিকে খাজরা ইউনিয়নের রাউতড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাউতড়া গ্রামের তুহিন মোড়ল ও মুছা মোড়লের মধ্যে পারিবারিক রাস্তা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। কয়েকদিন আগে ভেকু মেশিন দিয়ে পাশের জমি থেকে মাটি কেটে রাস্তা উঁচু করা হয়। এ সময় মুছা মোড়ল তার জমিতে ঘর নির্মাণের কথা বলে সেখানে মাটি কাটতে নিষেধ করেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়।

সোমবার সকালে এ বিরোধকে কেন্দ্র করে তুহিন মোড়ল ও মুছা মোড়লের পক্ষের লোকজনের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে পশ্চিম খাজরা গ্রামের মৃত সিরাজ মোড়লের ছেলে আতি মোড়ল, তার ছেলে আজিম মোড়ল, আব্দুর রব মোড়লের ছেলে তুহিন মোড়ল, মৃত আবুল কাশেম হাওলাদারের ছেলে আবু সালেহ হাওলাদার, মৃত সিরাজ মোড়লের ছেলে মুজাফফর মোড়ল, মজিদ মোড়লের স্ত্রী নবীরন বিবি এবং অপর পক্ষের হানিফ মোড়ল ও মিলন মোড়ল গুরুতর আহত হন। এছাড়া উভয় পক্ষের আরও কয়েকজন সামান্য আহত হন।

সংঘর্ষের সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে স্থানীয় লোকজন এগিয়ে আসেন। এ সময় মুছা মোড়লের লোকজন একটি ঘরের ভেতরে আশ্রয় নেন। পরে ঘরবাড়ি ভাঙচুর এবং রাস্তায় থাকা একটি মোটরসাইকেল ভাঙচুরের ঘটনাও ঘটে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে খোরশেদ মোড়লের ছেলে মুছা মোড়ল, তার ছেলে নুরুজ্জামান মোড়ল, হানিফ মোড়ল, আনারুল মোড়ল, মিলন মোড়ল, মুছা মোড়লের স্ত্রী আনোয়ারা বেগম এবং তাদের আত্মীয় বাইনতলা গ্রামের মইউদ্দিন সানা ও মাহবুব সানাকে আটক করে থানায় নিয়ে যায়। এ সময় পুলিশ একটি শাবল, একটি দা, একটি দেশি কুড়াল ও কয়েকটি লোহার রড উদ্ধার করে।

আহতদের আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ ঘটনায় তুহিন মোড়লের স্ত্রী সাথী খাতুন বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। অপর পক্ষও পৃথক মামলা করার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।

এ বিষয়ে আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম আহমেদ খান জানান, ঘটনাস্থল থেকে কয়েকজনকে উদ্ধার করে চিকিৎসা দেওয়া হয়েছে এবং তাদের পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এখনো কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।