সিরাজদিখান(মুন্সীগঞ্জ)প্রতিনিধি
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে পেট্রোল বিক্রি করায় এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৬ এপ্রিল ) রাত ৮টার দিকে উপজেলার বালুচর ইউনিয়নের খাসনগর এলাকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে সরকার নির্ধারিত মূল্যের অতিরিক্ত দামে পেট্রোল বিক্রির দায়ে জাকির হোসেন (৬০) নামে এক ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারায় ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এ সময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে নির্ধারিত মূল্যে জ্বালানি বিক্রির জন্য কঠোরভাবে সতর্ক করা হয়। ভবিষ্যতে এ ধরনের অপরাধের পুনরাবৃত্তি ঘটলে আরও কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়।
সিরাজদিখান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌহিদুল ইসলাম বারি জানান, জনস্বার্থে এ ধরনের মোবাইল কোর্ট কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

