নিজস্ব সংবাদদাতা, কচুয়া (বাগেরহাট)
বাগেরহাটের কচুয়ায় উৎসবমুখর পরিবেশে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড এবং ১০ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়াম চত্বরে দিনব্যাপী এ বিজ্ঞান মেলা ও প্রতিযোগিতার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, বর্তমান যুগে বিজ্ঞানের অগ্রযাত্রা অব্যাহত রাখতে এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের উদ্ভাবনী শক্তি বৃদ্ধি করে এবং তাদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানে একাডেমিক সুপারভাইজার মেহেদী মান্নার সঞ্চালনায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. আসিফ হায়দার, বিএনপি কচুয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক এস এম তৌহিদুল ইসলাম, কচুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার দাসসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এবারের মেলা ও অলিম্পিয়াডে উপজেলার ১২টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছিল কচুয়া সরকারি সিএস পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়, কচুয়া পাইলট মাধ্যমিক বালিকা উচ্চবিদ্যালয়, আন্ধারমানিক মাধ্যমিক বালিকা বিদ্যালয়, গজালিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, মোবাইদুল ইসলাম মাধ্যমিক বিদ্যালয়, শহীদ আ. জলিল মাধ্যমিক বিদ্যালয়, গোয়ালমাঠ রশিকলাল মাধ্যমিক বিদ্যালয়, গোয়ালমাঠ মাধ্যমিক বালিকা বিদ্যালয়, কচুয়া আলিম মাদ্রাসা, মসনি মাধ্যমিক বিদ্যালয়, কচুয়া সরকারি মহিলা ডিগ্রি কলেজ এবং কচুয়া ডিগ্রি কলেজ।
মেলায় খুদে বিজ্ঞানীরা বিভিন্ন পরিবেশবান্ধব ও আধুনিক প্রযুক্তিনির্ভর প্রকল্প প্রদর্শন করে। পাশাপাশি বিজ্ঞান অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীরা তাদের মেধার স্বাক্ষর রাখে। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।
শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো অডিটোরিয়াম চত্বর এক মিলনমেলায় পরিণত হয়।

