পলাশ (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদীর পলাশে পারুলিয়া দেওয়ান শরিফ খাঁ মাজারে আজ (৭ এপ্রিল) অনুষ্ঠিত হয়েছে দেওয়ান শরিফ খাঁ’র স্ত্রী জয়নব বিবির জন্মবার্ষিকী উপলক্ষে বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল। প্রতি বছর এই দিনে ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে এ দিনটি পালিত হয়।
পারুলিয়ার দেওয়ান শরিফ খাঁ মাজারটি ঢাকার অদূরে অবস্থিত এবং মোগল আমলের মুসলিম সভ্যতার ঐতিহাসিক নিদর্শন হিসেবে পরিচিত। প্রায় ৪০০ বছর আগে প্রতিষ্ঠিত এ মাজারে রয়েছে ঈশা খাঁ’র পঞ্চম অধস্তন পুরুষ দেওয়ান শরিফ খাঁ ও তার স্ত্রী মুর্শিদ কুলি খাঁর কন্যা জয়নব বিবির যুগল সমাধী। ইতিহাস থেকে জানা যায়, দেওয়ান শরিফ খাঁ মহেশ্বরদী পরগনার জমিদার হিসেবে শাসন কার্য পরিচালনা করতেন এবং স্থানীয়ভাবে ধর্মপ্রাণ ও প্রভাবশালী ছিলেন।
জয়নব বিবি মৃত্যুর পর স্বামীর পাশেই দাফন করা হয় এবং সেই থেকেই প্রতি বছর জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়ে আসছে।
আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক কমিটির সভাপতি খোরশেদ আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা সিনিয়র সহ-সভাপতি (বিএনপি) এডভোকেট জসীমউদ্দিন মৃধা, জিনারদি ইউনিয়ন সভাপতি ফিরোজ মোল্লা, পলাশ থানা যুবদলের সভাপতি নেছার খান, জিনারদি ইউনিয়ন সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, যুগ্ম আহ্বায়ক মাসুদ খান, সাবেক সাংগঠনিক সম্পাদক রোমান ভূইয়া ও অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ। এছাড়া দূরদূরান্ত থেকে আগত ভক্তবৃন্দও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন যুবনেতা রুবেল ফকির এবং ফকির পরিবারের সকল অনুরাগী। অনুষ্ঠানে অংশগ্রহণকারী ভক্তরা মাজার প্রাঙ্গণে উপচে পড়া ভীড় তৈরি করেন।
মিলাদ ও দোয়া মাহফিল তিন দিন ব্যাপী চলে এবং আখেরি মোনাজাত ও তোবারক বিতরণের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করা হয়। এ ধরনের ধর্মীয় অনুষ্ঠান স্থানীয় জনগণ ও ইতিহাসপ্রেমীদের মধ্যে ব্যাপক গুরুত্ব ও আকর্ষণ রাখে।

