মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় ১ হাজার ৬০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে পাট বীজ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের পাট অধিদপ্তরের বাস্তবায়নে “উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ (২য় সংশোধিত)” প্রকল্পের আওতায় মঙ্গলবার (৭ জুন) উদয়পুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তর, মোল্লাহাটের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচির মাধ্যমে স্থানীয় কৃষকদের মাঝে উন্নতমানের পাট বীজ বিতরণ করা হয়।
সংশ্লিষ্টরা জানান, আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করে পাটের উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের আর্থিকভাবে স্বাবলম্বী করাই এ প্রকল্পের মূল লক্ষ্য।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিন বলেন, “পাট আমাদের ঐতিহ্যবাহী অর্থকরী ফসল। উন্নতমানের বীজ ও আধুনিক চাষাবাদের মাধ্যমে পাটের উৎপাদন বাড়ানো সম্ভব। এতে কৃষকরা যেমন লাভবান হবেন, তেমনি দেশের অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে।” তিনি আরও বলেন, সরকারের এ উদ্যোগ ‘সোনালী আঁশ’ খ্যাত পাটের হারানো গৌরব ফিরিয়ে আনতে সহায়ক হবে।
উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা হাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উদয়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম সাইকুল আলম, ইউপি সদস্যবৃন্দ এবং স্থানীয় কৃষকরা।
আয়োজকরা জানান, পর্যায়ক্রমে উপজেলার অন্যান্য ইউনিয়নেও এ বীজ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।

