দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়া ইবি থানার স্ত্রী হত্যা মামলায় স্বামী আব্দুল আওয়াল (৪২) কে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত।
একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও এক বছর কারাদন্ডের আদেশ দেওয়া হয়।
আজ বুধবার দুপুর ১২টায় কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. এনায়েত কবীর সরকার আসামীর উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। দন্ডপ্রাপ্ত আব্দুল আওয়াল কুষ্টিয়া সদর উপজেলার হরিনারায়নপুর কুন্ডুপাড়া গ্রামের আব্দুল করীম বিশ্বাসের ছেলে।
মামলা সূত্রে জানা গেছে, ২০২০ সালের ২৯ জানুয়ারী সকালে পরকীয়া সম্পর্কের জের ধরে ৩ সন্তানের জননী স্ত্রী শাহানা খাতুন (৩০) এর সাথে আসামীর ঝগড়া বিবাদ হয়। এসময় নিহত শাহানা তার স্বামীর পরকীয়া প্রেমিকাকে গালি দিলে স্বামী আব্দুল আওয়াল ক্ষিপ্ত হয়ে স্ত্রী শাহানা খাতুনকে কুপিয়ে হত্যা করে।
সংবাদ পেয়ে ইবি থানার পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তোর জন্য মর্গে প্রেরণ করে এবং আসামী আব্দুল আওয়ালকে আটক করে থানা হেফাজতে নেন।
এ ঘটনায় নিহতের বড়ভাই মো. শফিউদ্দিন ঘটনার দিন আব্দুল আওয়ালকে আসামী করে ইবি থানার হত্যা মামলা দায়ের করেন।
মামলাটি তদন্ত শেষে ইবি থানার উপ-পুলিশ পরিদর্শক শাহ আলী মিয়া ২০২০ সালের ৩ মার্চ মামলার আসামী আব্দুল আওয়ালের বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের কৌসুলি এ্যাড. খন্দকার সিরাজুল ইসলাম জানান, ইবি থানার স্ত্রী হত্যা মামলায় আসামী আব্দুল আওয়ালের বিরুদ্ধে আনীত অভিযোগ স্বাক্ষ্য শুনানী শেষে সন্দেহাতীত প্রমানিত হওয়ায় তাকে যাবজ্জীবন কারাদন্ডসহ ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছরের কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালতের বিচারক।

