নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
গাজীপুর সিটি কর্পোরেশনের (গাসিক) নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) ইব্রাহিম খলিলকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলা সংক্রান্ত অভিযোগের কারণে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
দুদকের চার্জশিটভুক্ত এই আসামিকে বৃহস্পতিবার আদালতে হাজির করা হলে তার জামিন বাতিল করে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়। বিষয়টি গাজীপুর আদালতের পাবলিক প্রসিকিউটর মো. মোস্তফা কামাল হোসেন নিশ্চিত করেছেন।
জানা গেছে, গত বছরের ১৫ অক্টোবর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় ইব্রাহিম খলিলকে সাময়িক বরখাস্ত করে চাকরি থেকে অপসারণের চিঠি পাঠায়। দুদকের মামলায় তার স্ত্রী মনোয়ারা বেগমও আসামি হিসেবে রয়েছেন।
দুদকের অনুসন্ধানে প্রকাশ, আওয়ামী লীগ সরকারের আমলে ইব্রাহিম খলিল ও তার স্ত্রী দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন করেছেন। জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ ১ কোটি ৪৬ লাখ ৪৯ হাজার টাকা অধিক সম্পদের প্রমাণ পাওয়া গেছে। এছাড়া ব্যাংক হিসাবসহ বেতন-ভাতার বাইরে ৮ কোটি ৭১ লাখ ৪১ হাজার টাকার অস্বাভাবিক লেনদেনও ধরা পড়েছে।
মামলাটি দুদক আইন, ২০০৪-এর ২৭(১) ধারা এবং দণ্ডবিধি ১০৯ ধারার আওতায় চার্জশিটভুক্ত করা হয়েছে।

