নোয়াখালী প্রতিনিধি
কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নোয়াখালীর চাটখিল উপজেলার সাবেক যুগ্ম আহ্বায়ক লায়ন স্বপনকে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ।
মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে বিদেশ থেকে দেশে ফেরার পর বিমানবন্দরে পৌঁছালে তাকে আটক করা হয়।
আটক স্বপন চাটখিল পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ফতেহপুর গ্রামের মৃত আবুল কালাম আজাদের ছেলে।
চাটখিল থানার উপপরিদর্শক (এসআই) শফিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, বিকেলের দিকে বিমানবন্দর পুলিশ স্বপনকে আটকের বিষয়টি চাটখিল থানাকে অবহিত করে। তাকে আনতে চাটখিল থানা পুলিশের একটি দল ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার প্রস্তুতি নিচ্ছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট সরকার পতনের পর স্বপন কিছুদিন পলাতক ছিলেন। পরবর্তীতে তিনি সৌদি আরবে তার দুই ভাইয়ের কাছে চলে যান। দীর্ঘদিন সেখানে অবস্থানের পর দেশে ফেরার পরপরই তাকে আটক করা হয়।
চাটখিল থানায় স্বপনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে একটি হত্যা মামলা এবং বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে দায়ের করা মামলাও রয়েছে।
এসআই শফিউল ইসলাম আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে তাকে বিমানবন্দর থানা পুলিশের মাধ্যমে চাটখিল থানায় হস্তান্তর করা হবে। তার বিরুদ্ধে থাকা মামলাগুলোর বিষয়ে যাচাই-বাছাই চলছে এবং এ বিষয়ে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।

